স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর, ২০২৬ ০৯:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৭ বার
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ। ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহোকে ইংলিশদের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল।
বৃহস্পতিবার ২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় আসরে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে।
এই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপের ষষ্ঠ দল হবে কোয়ালিফায়ার ‘বি’।
এদিকে একই গ্রুপে খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও জিম্বাবুয়ে।
তাদের সঙ্গে যুক্ত হবে বাছাই পেরিয়ে আসা অন্য আরেকটি দল, যারা কোয়ালিফায়ার ‘এ’।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ১৯ অক্টোবর একই ভেন্যুতে সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ অক্টোবর কোয়ালিফায়ার ‘বি’র মুখোমুখি হবে বাংলাদেশ, ম্যাচটি হবে তশওয়ানে।
১৪ দলের বিশ্বকাপে ১২ দল সরাসরি গ্রুপ পর্বে জায়গা পেয়েছে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি সুযোগ পেয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা আট দলও সরাসরি মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। বাকি চার দলের ভাগ্য নির্ধারিত হবে কোয়ালিফায়ার ও সুপার সিরিজে।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের সেরা তিন দল এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে বেশি পয়েন্ট পাওয়া দল যাবে সুপার সেভেন পর্বে। সেখানে প্রতিটি দল খেলবে ছয়টি করে ম্যাচ। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।
বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে ৭ অক্টোবর ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে ফাইনাল।