ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সৌদিতে হুথিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২ অক্টোবর, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৮ বার


সৌদিতে হুথিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস

সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া চারটি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় পড়ে কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

আন্তর্জাতিক গণমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি জানান, খামিস মুশাইতের আকাশসীমায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন ধ্বংস করা হয়।

অপর একটি ক্ষেপণাস্ত্র জাজান এলাকায় প্রতিহত করা হয়েছে।

 

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খামিস মুশাইতের আবাসিক এলাকায় পড়ে।

এতে কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থলে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

আল-মালিকি বলেন, হুথিদের হামলা প্রতিহত করা এবং তাদের কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা অব্যাহত রাখবে।

সৌদি আরবের বিরুদ্ধে সর্বশেষ এই হামলার কয়েক ঘণ্টা আগে জোটটি জানায়, মদিনার তায়বা এলাকার বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে মঙ্গলবারের ড্রোন হামলার জন্য হুথিরাই দায়ী। তদন্তের মাধ্যমে এ হামলার সঙ্গে হুথিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে জোট।

 

 

আরব নিউজ জানিয়েছে, মদিনার ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববীসহ শহরের বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও সৌদি আরবের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় কোনো প্রভাব পড়েনি।

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও জর্ডান। উপসাগরীয় সহযোগিতা পরিষদও সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, সৌদি আরব ও দেশটির পবিত্র স্থানগুলোর নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সম্মিলিত নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

সৌদি আরবকে লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে। এর আগে শনিবার রিয়াদমুখী দুটি ড্রোন এবং খামিস মুশাইতের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। তার দুই দিন আগে ইয়ানবু ও তাইফের দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করে সৌদি নেতৃত্বাধীন জোট।

তথ্যসূত্র: আরব নিউজ, রয়টার্স, আল জাজিরা


   আরও সংবাদ