ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

২০২৭ সালের ব্রিকস সম্মেলন চীনে

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার


২০২৭ সালের ব্রিকস সম্মেলন চীনে

২০২৭ সালের ব্রিকস সম্মেলন চীনে অনুষ্ঠিত হবে। আগামী বছরের জন্য জোটটির সভাপতিত্ব চীন করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন শি জিনপিং।

চীন আগামী বছরের ব্রিকসের সভাপতিত্ব গ্রহণের ঘোষণা দেওয়ার পর শি জিনপিংকে উষ্ণ অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সম্মেলনের ভিডিওতে দুই নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ মুহূর্তটি দেখা যায়। পরে চীনের দূতাবাস ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বিষয়টি নিশ্চিত করে।

 

 

তবে ২০২৭ সালের সম্মেলন চীনের কোন শহরে এবং ঠিক কোন তারিখে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা দেওয়া হয়নি।

এবারের ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজক ছিল ভারত।

১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্রিকসের ১১টি সদস্যদেশের শীর্ষ নেতাদের পাশাপাশি ১০টি অংশীদার দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

 

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকসকে বিশ্বের ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ একটি বৈশ্বিক জোট হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আগামী দুই দশকের জন্য জোটটির একটি নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচি প্রণয়নের আহ্বান জানান তিনি।

বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে ব্রিকসের প্রভাব ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে আগামী বছর চীনের সভাপতিত্বে জোটটির কার্যক্রম ও অগ্রাধিকার কোন দিকে এগোয়, তা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাবে।


   আরও সংবাদ