ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার


গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধের মধ্যে ইরাক থেকে বিমান হামলার শিকার হওয়ার পর একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব। এর ফলে জ্বালানির দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

বাগদাদ ও রিয়াদ উভয়পক্ষই জানিয়েছে, ড্রোন হামলাটি এমন একটি এলাকা থেকে চালানো হয়েছে যেখানে ইরান-সমর্থিত মিলিশিয়ারা সক্রিয় রয়েছে। এ ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বলে জানায় বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশটি।

এ হামলার পর শনিবার ইরাক একজন সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছে।

 

আরব উপদ্বীপের ওপর দিয়ে চলে যাওয়া ১২০০ কিলোমিটার বা ৭৪৫ মাইল দীর্ঘ এই পাইপলাইনটি গত ছয় মাস ধরে মধ্যপ্রাচ্যের তেল বিশ্ববাজারে পাঠানোর প্রধান রুট হিসেবে কাজ করে আসছিল।

কারণ যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী প্রায় বন্ধ রয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ করা হচ্ছিল, যা বিশ্ব সরবরাহের ৪ থেকে ৫ শতাংশ।

এর ফলে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য তেল ও গ্যাস রপ্তানিকারক দেশগুলো যে সংকটের মুখে পড়েছিল, সৌদি আরব তা থেকে অনেকাংশে রক্ষা পেয়েছিল।

 

 

এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, মদিনার দক্ষিণে পাইপলাইনের একটি এলাকায় কালো ধোঁয়া উড়ছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কিছু মানুষ আহত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এর ফলে রপ্তানির ওপর ঠিক কী প্রভাব পড়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটি রিসোর্টে আয়োজিত গলফ টুর্নামেন্টে যোগ দিতে আয়ারল্যান্ড সফরকালে বলেছেন, সম্ভবত এর জন্য ইরান দায়ী।

শনিবার সৌদি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, হুতিদের ছোড়া একটি প্রক্ষেপণাস্ত্রের আঘাতে জাজান অঞ্চলে একটি মসজিদসহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই জন আহত হয়েছেন।

সূত্র: রয়টার্স


   আরও সংবাদ