ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটাই তার প্রথম সফর।

 

সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

 

এ ছাড়া সংক্ষিপ্ত এ সফরে রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত ও এলাকার ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন।

কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

এদিকে রাষ্ট্রপতির অপেক্ষায় ঠাকুরগাঁওয়ে এখন চলছে উৎসবের আমেজ। যে শহর তাকে দিয়েছে শৈশবের স্মৃতি, রাজনীতির প্রথম পাঠ আর মানুষের অকৃত্রিম ভালোবাসা, সেই শহরেই এবার ফিরছেন রাষ্ট্রপতি হয়ে।

তাই তার আগমনের অপেক্ষায় ঠাকুরগাঁওয়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। শহরের ব্যস্ততা যেন আজ অন্যরকম। সড়কের দুপাশে নতুন সাজ, কোথাও তৈরি হচ্ছে তোরণ, কোথাও চলছে আলোকসজ্জার কাজ। পরিচ্ছন্নতার কর্মযজ্ঞে ব্যস্ত মানুষজন। সব আয়োজনের কেন্দ্রবিন্দু মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। 

নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, ওই দিন রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে ঠাকুরগাঁও পৌঁছাবেন। সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর তিনি শহরের সেনুয়া গোরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরে নিজের বাড়িতে যাওয়ার পর সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন জানান, রাষ্ট্রপতিকে নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।


   আরও সংবাদ