ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জাতীয় দলের হয়েও ৩০০ রানের ইনিংস খেলতে চান হৃদয়

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার


জাতীয় দলের হয়েও ৩০০ রানের ইনিংস খেলতে চান হৃদয়

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। ৪৮১ বল মোকাবিলা করে ৩৫০ রানে অপরাজিত থেকে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন এই ব্যাটার।

বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরির কীর্তিও গড়েছেন তিনি।

 


হৃদয়ের ৩৫০ রানের হার না মানা ইনিংসে ভর করে বাংলাদেশ ‘এ’ দল বড় সংগ্রহ গড়ে।

শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হলেও দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হৃদয়।

 

 

 


এই ইনিংসের মাধ্যমে ভেঙেছেন তামিম ইকবালের দীর্ঘদিনের রেকর্ডও।

২০১৯ সালে মিরপুরে বিসিএলের ম্যাচে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম। সেটিই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

এবার ৩৫০* রানের ইনিংস খেলে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন হৃদয়।

 


ঐতিহাসিক ইনিংসের পর তামিম ইকবালসহ মুশফিকুর রহিম এবং দেশের ক্রিকেটের আরও অনেকেই হৃদয়কে অভিনন্দন জানিয়েছেন।


ম্যাচসেরার পুরস্কার হাতে পাওয়ার পর নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন হৃদয়। পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও এমন একটি ইনিংস খেলার স্বপ্নের কথা বলেছেন তিনি।


হৃদয় লিখেছেন, 'সত্যি বলতে, এই ইনিংস আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। অসংখ্য শুভকামনা পেয়েছি, এখনো পাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ম্যান অব দ্য ম্যাচের ট্রফি নিয়ে বারবার মনে হচ্ছিল কোনো একদিন এমন একটি ইনিংস জাতীয় দলের হয়ে খেলব, ইনশাআল্লাহ।'


নিজের স্বপ্ন পূরণে সৃষ্টিকর্তা ও মায়ের দোয়ার ওপরও আস্থা রাখছেন এই ব্যাটার।

তিনি বলেন, 'আল্লাহ এবং আমার মায়ের দোয়া থাকলে সব সম্ভব।'


এদিকে আগামী নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। স্কোয়াডে জায়গা পাওয়ার পাশাপাশি একাদশে সুযোগ মিললে প্রোটিয়াদের বিপক্ষেই জাতীয় দলের হয়ে বড় ইনিংস খেলার স্বপ্ন পূরণের সুযোগ পেতে পারেন হৃদয়।


   আরও সংবাদ