স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার
নতুন ঠিকানায় ফিরেই শুরুর একাদশে জায়গা। এরপর পুরো ৯০ মিনিট মাঠে থেকে দলের নাটকীয় জয়ের সাক্ষী হলেন হামজা চৌধুরী।
চ্যাম্পিয়নশিপে বল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে তাঁর শেফিল্ড ইউনাইটেড।
ব্রামল লেনে মঙ্গলবারের ম্যাচটি শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো।
মাত্র ২৩ সেকেন্ডে গোল হজম করে পিছিয়ে পড়ে শেফিল্ড। তবে চতুর্থ মিনিটেই জাফেত টাঙ্গাঙ্গার গোলে সমতা ফেরায় স্বাগতিকরা।
প্রথমার্ধে এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি শেফিল্ড। বিরতির পর অবশ্য আবারও গোল হজম করতে হয় হামজাদের।
৬৭ মিনিটে স্যাম ডালবির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বল্টন।
তবে সেই লিডও বেশিক্ষণ টেকেনি। পরের মিনিটেই প্যাট্রিক ব্যামফোর্ড গোল করে শেফিল্ডকে আবারও সমতায় ফেরান।
শেষ পর্যন্ত ম্যাচটি যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই নাটকীয়তার শেষ দৃশ্য। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ক্যালভিন ফিলিপসের পাস ধরে রোমেল ডোনোভান বল্টনের জালে বল জড়িয়ে দেন। শেষ মুহূর্তের সেই গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে হামজার শেফিল্ড।
বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার পুরো ম্যাচ খেলেছেন। শেফিল্ড ইউনাইটেডে ফেরার পর প্রথম ম্যাচেই ৯০ মিনিট খেলার সুযোগ পেলেন হামজা।