স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ অগাস্ট, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ব ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেই জয়ের পর বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সম্ভাবনার কথাও উঠল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসনের কণ্ঠে।
আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডের। এই সফরে বড় অঙ্কের অর্থ খরচ হলেও বাংলাদেশে এসে টেস্ট খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই বলে জানিয়েছেন ইসিবি চেয়ারম্যান।
স্কাই স্পোর্টসকে থম্পসন বলেছেন, ‘বাস্তবতা হলো, আমরা এমন কিছু কাজ করি, যা করার কোনো বাধ্যবাধকতা আমাদের নেই এবং এতে আমাদের অনেক অর্থ ব্যয় হয়। যেমন সামনে আমাদের বাংলাদেশ সফর রয়েছে, যেখানে বিপুল অর্থ খরচ হবে।
কিন্তু তাও আমাদের যেতে হবে। অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে যে তাদের দারুণ সম্ভাবনা রয়েছে।
’
শুধু বাংলাদেশ সফরই নয়, টেস্ট ক্রিকেটের প্রতি ইংল্যান্ডের দায়িত্বের কথাও তুলে ধরেছেন থম্পসন। তাঁর মতে, সব সিদ্ধান্তকে শুধু আর্থিক হিসাব দিয়ে দেখলে চলবে না। টেস্ট ক্রিকেটের ঐতিহ্য ও মর্যাদা ধরে রাখাও বড় দলগুলোর দায়িত্ব।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মূল বিষয়টি হলো, সবকিছু কেবল আর্থিক মূল্যায়ন দিয়ে মাপা যায় না; মূল্যবোধও গুরুত্বপূর্ণ। আর টেস্ট ক্রিকেটের পবিত্রতাকে গুরুত্ব দেওয়াটা অত্যন্ত জরুরি।’
ইংল্যান্ড নিজেদের খরচে জিম্বাবুয়েকে উড়িয়ে এনে টেস্ট খেলেছে বলেও উল্লেখ করেন থম্পসন। তার মতে, বড় দলগুলোর এমন সিদ্ধান্তই টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রাখতে সাহায্য করে।
অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে প্রথম ম্যাচেই স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সেই ঐতিহাসিক জয়কে বাংলাদেশের সামর্থ্যের প্রমাণ হিসেবে দেখছেন ইসিবি চেয়ারম্যান। তার মতে, বাংলাদেশের মতো দলগুলোকে নিয়মিত ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ দেওয়া জরুরি।