স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ অগাস্ট, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার
টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার ধাক্কা অবশেষে কাটাল ইন্টার মায়ামি।
রোববার মেজর লিগ সকারে (এমএলএস) দুর্বল মন্ট্রিয়লকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচে একাই চার গোল করেছেন মায়ামির ৩৯ বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসি।
বিশ্বকাপের পর সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিল মায়ামি।
ফলে ঘরের মাঠে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার নিচের দিকের দল মন্ট্রিয়লের বিপক্ষে জয় পাওয়াটা ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই ম্যাচেই দারুণ আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দিয়েছে মায়ামি।
ম্যাচের ২০ মিনিটে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর হেডে এগিয়ে যায় মায়ামি। বিশ্বকাপের পর মায়ামিতে যোগ দেওয়া এই মিডফিল্ডারের এটি ছিল ক্লাবটির হয়ে প্রথম গোল।
তবে ৩৭ মিনিটে ফাবিয়ান হারবার্সের গোলে সমতায় ফেরে মন্ট্রিয়ল। বক্সের বাইরে থেকে জার্মান মিডফিল্ডারের নেওয়া নিচু শটটি মায়ামির গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
তিন মিনিট পরই আবার এগিয়ে যায় মায়ামি। ৪০ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে মেসির নেওয়া নিচু ও বাঁকানো ফ্রি-কিক মন্ট্রিয়লের গোলরক্ষক থমাস গিলিয়েরকে বিভ্রান্ত করে জালে ঢুকে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান মেসি। বল নিয়ে একাধিক ডিফেন্ডারের ভিড় ভেঙে সামনে এগিয়ে গিয়ে নিচু শটে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা।
মায়ামির চতুর্থ গোলেও বড় অবদান ছিল মেসির। দারুণ এক উঁচু পাসে সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেসকে গোলের সুযোগ তৈরি করে দেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে সহজেই বল জালে পাঠান সুয়ারেস।
৮৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। রদ্রিগো দি পলের পাস ধরে এগিয়ে আসা গিলিয়েরকে নিখুঁতভাবে চিপ করে বল জালে পাঠান তিনি।
এরপর ৮৯ মিনিটে ব্যবধান আরও বাড়ান কিশোর বদলি খেলোয়াড় অ্যালেক্স শ। বক্সের বাইরে থেকে নিচু শটে মায়ামির ষষ্ঠ গোলটি করেন তিনি।
তবে মায়ামির গোল উৎসব সেখানেই শেষ হয়নি। যোগ করা সময়ের একেবারে শেষ দিকে বক্সের প্রান্ত থেকে ট্রেডমার্ক ফ্রি-কিকে নিজের চতুর্থ গোলটি করেন মেসি। তাতেই ৭-১ গোলের বিশাল জয় নিশ্চিত হয় মায়ামির।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান ধরে রেখেছে মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে তাদের ব্যবধান সাত পয়েন্ট।