ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ জুন, ২০২৬ ১৫:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধি দল। বুধবার (৩ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্যপ্রযুক্তি (আইসিটি)সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও এর সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাপানি প্রতিনিধি দলকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।
পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা ওয়ান-স্টপ সার্ভিসের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে দ্রুত ও নির্বিঘ্নে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করা যাবে।

প্রসঙ্গত, মিতসুই অ্যান্ড কোং জাপানের অন্যতম বৃহৎ একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।
অন্যদিকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিতসুইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো। এসময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।