ঢাকা, বুধবার, ০৩ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আলাদাভাবে অনুশীলন সারলেন মেসি

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৩ জুন, ২০২৬ ১৩:০২ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


আলাদাভাবে অনুশীলন সারলেন মেসি

বিশ্বকাপ প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রে ঘাঁটি গেড়েছে আর্জেন্টিনা। কানসাস সিটি, মিসৌরিতে সোমবার প্রথম অনুশীলনও করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করেননি লিওনেল মেসি। ফিটনেস সতর্কতার অংশ হিসেবে আলাদাভাবে নির্দিষ্ট অনুশীলন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

 

গত ২৪ মে থেকে বাঁ দিকের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তিজনিত সমস্যায় ভুগছেন মেসি। তবে আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তিনি প্রস্তুত হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

 

ইন্টার মায়ামির অধিনায়ক মেসি এরই মধ্যে আর্জেন্টিনার অনুশীলনে যোগ দিয়েছেন। তার সঙ্গে আরও কয়েকজন ফুটবলারও নির্দিষ্ট অনুশীলন করেছেন, যারা ছোটখাটো চোট বা ফিটনেস সমস্যায় আছেন।

 

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘যেসব খেলোয়াড় ছোটখাটো সমস্যা ও চোটে ভুগছে, তারা ফিজিওথেরাপি দলের সঙ্গে মাঠে নির্দিষ্ট অনুশীলন চালিয়ে যাচ্ছে এবং ভালো অগ্রগতি করছে।’

ফিফা র‌্যাংকিংয়ের তিন নম্বর দল আর্জেন্টিনা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ৯ জুন। আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে হবে সেই ম্যাচ।

৩৮ বছর বয়সী মেসি এবার রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। দুইবারের এমএলএসের সেরা ফুটবলার এবং আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১৯৮ ম্যাচ খেলেছেন। গোলও করেছেন দেশের হয়ে সর্বোচ্চ ১১৬টি।

বিশ্বকাপের আগে মেসির ফিটনেস তাই আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় নজরের জায়গা। আপাতত স্বস্তির খবর হলো, আলাদাভাবে হলেও মাঠের কাজ শুরু করেছেন তিনি এবং ধীরে ধীরে পূর্ণ ফিটনেসের পথে এগোচ্ছেন।


   আরও সংবাদ