স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬ ১৬:৫৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৭ বার
চোট এবং ফিটনেস সমস্যার কারণে গত প্রায় তিন বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা নেইমারকে নিয়ে ব্রাজিলে এখন চলছে তুমুল উত্তেজনা। ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে নেইমারকে রাখা হবে কি না, তা নিয়ে খোদ ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি পরামর্শ চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে।
সম্প্রতি ‘ব্রাজিল ২৪৭’ ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট লুলা নিজেই এই তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, আনচেলত্তি তাকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন নেইমারকে কি আবারও জাতীয় দলে ডাকা উচিত?
উত্তরে প্রেসিডেন্ট কোনো আবেগ নয়, বরং কড়া পেশাদারিত্বের শর্ত জুড়ে দিয়েছেন।
লুলা বলেন, ‘আমি আনচেলত্তিকে বলেছি, নেইমার শারীরিকভাবে ফিট থাকলে ফুটবল খেলার সামর্থ্য তার অবশ্যই আছে। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যিই এটা মনেপ্রাণে চায়?’
প্রেসিডেন্ট লুলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কেবল ‘নেইমার’ নামের ওপর ভর করে দলে জায়গা পাওয়া এখন আর সম্ভব নয়।
তাকে মেসির বা রোনালদোর উদাহরণ টেনে পরামর্শ দিয়ে লুলা বলেন, ‘সে যদি ফিরতে চায়, তবে তাকে শতভাগ পেশাদার হতে হবে। ক্রিশ্চিয়ানো রোনালদো বা মেসি যেভাবে নিজেদের শৃঙ্খলা ও ফর্ম ধরে রেখেছে, নেইমারকেও সেভাবে নিজেকে তৈরি করতে হবে।
’
লুলার মতে, দলের জন্য নেইমার বর্তমানে কতটা কার্যকর, সেটাই হওয়া উচিত দলে ডাকার একমাত্র মাপকাঠি।
জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা নেইমার বর্তমানে ক্লাব ফুটবলে নিজের সামর্থ্য প্রমাণে মরিয়া। সান্তোসের হয়ে কোপা সুদামেরিকানায় রেকোলেতার বিপক্ষে ম্যাচের ৪ মিনিটেই গোল করে তিনি ফেরার বার্তা দিয়েছেন। তবে ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।
আগামী ১৮ মে ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। হাতে থাকা এই অল্প সময়ে আনচেলত্তির গুড বুকে নাম লেখাতে হলে নেইমারকে কেবল গোল করলেই হবে না, প্রমাণ করতে হবে তার শারীরিক সক্ষমতা এবং দেশের হয়ে খেলার সর্বোচ্চ নিবেদন।