ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আধুনিক সাজে সাজছে বগুড়া স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬ ১৭:৩২ অপরাহ্ন | দেখা হয়েছে ২১ বার


আধুনিক সাজে সাজছে বগুড়া স্টেডিয়াম

দীর্ঘদিন ধরে অবহেলায় পিছিয়ে পড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে। সরকারিভাবে নেওয়া নতুন উদ্যোগের অংশ হিসেবে ভেন্যুটিকে আধুনিক সুযোগ-সুবিধায় সাজিয়ে তোলার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবহারের উপযোগী করে তোলা হবে।

 

সোমবার দুপুরে স্টেডিয়াম পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাংবাদিকদের জানান, একসময়ের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এই ভেন্যুটি দীর্ঘদিন সংস্কারের অভাবে কার্যত অচল হয়ে পড়েছিল। তবে এখন আইসিসির নির্ধারিত মান বজায় রেখে স্টেডিয়ামটির পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ফ্লাডলাইট, ড্রেসিংরুম, গ্যালারি ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।

পরিকল্পনা অনুযায়ী, আগামী জুলাইয়ে সম্ভাব্য নারী বিপিএল আয়োজনকে সামনে রেখে মাঠ প্রস্তুত করা হচ্ছে।

 

এছাড়া বগুড়াকে কেন্দ্র করে বড় ধরনের ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার কথাও জানান প্রতিমন্ত্রী।

দেশের বিভিন্ন অঞ্চলে যে ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা রয়েছে, তার মধ্যে রাজশাহী বিভাগের জন্য নির্ধারিত প্রকল্পটি বগুড়ায় বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধাসহ আধুনিক ক্রীড়া পরিবেশ তৈরি হবে।

 

সরকারি সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের শুরু থেকেই এই প্রকল্পের কাজ দৃশ্যমান হতে পারে। একইসঙ্গে সারা দেশে খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত বিশেষ কমিটিও কাজ করছে।

স্টেডিয়ামের সরঞ্জাম হারানো ও অব্যবস্থাপনার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অতীতের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে সমাধানের চেষ্টা চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য উপযুক্ত ভেন্যু হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

পরিদর্শনের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ