স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬ ১৩:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর দুই মাসও নেই। ঠিক এই সময়ে মাঠের ফুটবলের চেয়েও হাসপাতালের রিপোর্ট নিয়ে বেশি ব্যস্ত থাকতে হচ্ছে আর্জেন্টিনা দলকে।
একের পর এক ফুটবলারের ইনজুরি এখন কোচ লিওনেল স্কালোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও চওড়া করে দিয়েছে।
আর্জেন্টিনার চোটের তালিকায় সবশেষ ও সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ক্রিশ্চিয়ান রোমেরোর হাত ধরে।
গত রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে টটেনহ্যামের হয়ে খেলার সময় নিজ দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে গুরুতর আঘাত পান তিনি। মাঠ ছাড়ার সময় রোমেরোর চোখের জল আর খুঁড়িয়ে হাঁটার দৃশ্য আলবিসেলেস্তে সমর্থকদের মনে বড় আশঙ্কার জন্ম দিয়েছে।
রোমেরোর একদিন আগেই দুঃসংবাদ দিয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। অ্যাস্টনভিলার হয়ে ওয়ার্ম-আপের সময় চোট পাওয়ায় ম্যাচ শুরুর আগেই মাঠ ছাড়তে হয় তাকে।
অন্যদিকে, আক্রমণভাগের অন্যতম ভরসা লাউতারো মার্তিনেসের পুরোনো পেশির চোট আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সুস্থ হয়ে ফেরার পরপরই আবারও একই জায়গায় চোট পাওয়াটা দলের জন্য বড় দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তবে কিছুটা স্বস্তির খবর আছে লিসান্দ্রো মার্তিনেসকে নিয়ে। দুই মাস মাঠের বাইরে থাকার পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফিরতে প্রস্তুত এই ডিফেন্ডার। যদিও তাকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ, তবে জাতীয় দলের জন্য তার ফেরাটা হতে পারে বড় স্বস্তি।
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা রক্ষার লড়াই শুরু করবে আর্জেন্টিনা। তার আগেই ৩০ মে’র মধ্যে ঘোষণা করতে হবে চূড়ান্ত স্কোয়াড। হাতে সময় আছে মোটে দেড় মাস। এই অল্প সময়ের মধ্যে দলের প্রাণভোমরাদের পূর্ণ ফিটনেস ফিরে না এলে, বিশ্বজয়ের মুকুট ধরে রাখা স্কালোনির শিষ্যদের জন্য পাহাড়সম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।