ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই মন্তব্য করে বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আতঙ্কিত হয়ে তেল নেওয়ার হিড়িকের কারণে সমস্যা তৈরি হতে পারে। সবাইকে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে সাশ্রয়ী হতে হবে। ব্যক্তি স্বার্থে নয়, দেশের সব মানুষের স্বার্থে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সাশ্রয়ী হব, যেন জ্বালানি সাশ্রয় করতে পারি।
সাশ্রয় করলে আমরা জ্বালানি দীর্ঘসময় ব্যবহার করতে পারব। যদি সাশ্রয় করতে পারি, তবে দেশের জন্য জ্বালানি কম আমদানি করতে হবে। এতে আমাদের বৈদেশিক মুদ্রার খরচ হবে কম।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় নিজ বাসভবনে সিলেটের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির।
সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার ব্যাপারে মন্ত্রী বলেন, আমরা সবাই মিলে যদি ঠিক করি, সতর্ক থাকি, তাহলে অহেতুক বিপদে পড়ব না। তাছাড়া সন্ধ্যা ৬টার পর থেকে পিক আওয়ার শুরু হয়। এই সময়টা যদি আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি, তাহলে বাড়তি খরচ থেকে আমরা রক্ষা পাব। যেটা আমরা সেইভ করলাম, সেই সেভিংসটা আমরা লম্বা সময় ধরে ব্যবহার করতে পারব, এটাই স্বাভাবিকতা।
পৃথিবীর অনেক দেশে এক ঘণ্টা কম বেশি হয় শীত ও গরমের সময়। ডে লাইট সেভিংসের জন্য। আমরা কিন্তু সেটা করি না। এখন আপদকালীন পরিস্থিতিতে আমরা কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। এখন আমরা সবাই এই পদক্ষেপগুলো প্রতিপালন করে শৃঙ্খলাবোধের পরিচয় দেব এবং সরকারিভাবে যে উদ্যোগগুলো নেওয়া হয় সম্মিলিতভাবে সেটা প্রতিপালন করে বাস্তবায়ন করব।
এলপি গ্যাসের দাম বৃদ্ধির কারণ সম্পর্কে তিনি বলেন, সৌদি আরবসহ যেসব জায়গা থেকে এলপি গ্যাস আমদানি করা হয়, সেখানে দাম বৃদ্ধি পাওয়ায় দেশে এলপি গ্যাসের দাম বেড়েছে। তবে যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে, ততক্ষণ পর্যন্ত জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে।
জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হবে কি না– এমন প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিল্পের উৎপাদন জ্বালানির কারণে কমার সুযোগ নেই। সমস্ত শিল্প গ্যাসের মাধ্যমে পরিচালিত হয়। সেসমস্ত শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিত করেই অন্য হিসাব করা হয়। সেভাবেই জ্বালানি মন্ত্রণালয় গ্যাস সরবরাহ নিশ্চিত রেখেছে।
জাপানের সঙ্গে একটি ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সেটি এখনো পার্লামেন্টে পাস হয়নি, সেটি পাস হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমরা আশা করছি আগামীতে জাপানি বিনিয়োগে বেশি বেশি আকৃষ্ট করতে পারব। আমরা অনেকগুলো দেশের সঙ্গে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছি। এগুলো সম্পন্ন হলে এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও আমরা বিভিন্ন দেশে আমাদের পণ্য প্রবেশের ক্ষেত্রে প্রফার ট্রিটমেন্ট পাব।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন প্রমুখ।
এদিন সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটে আসেন খন্দকার আব্দুল মুক্তাদির। এরপর তিনি নগরীর পীরমহল্লা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।