স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬ ১৪:৫১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধ্যায় শেষ হতে চলেছে। দীর্ঘ ৪ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আজকের মিটিংয়ে এই কোচের বিদায়ের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ফেডারেশনের বিশ্বস্ত সূত্রের খবরে এমনটাই নিশ্চিত হওয়া গেছে।
খুব শিগগিরই নতুন কোচের সন্ধানে বিজ্ঞপ্তি (সার্কুলার) দিতে যাচ্ছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
২০২২ সালের জানুয়ারিতে জেমি ডের উত্তরসূরি হিসেবে যখন হাভিয়ের কাবরেরা বাংলাদেশের দায়িত্ব নেন, তখন দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার হয়েছিল। উয়েফা প্রো লাইসেন্সধারী এই স্প্যানিশ কোচের স্প্যানিশ ক্লাব আলাভেসের একাডেমি এবং লা লিগার টেকনিক্যাল প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা ছিল। এছাড়া ভারতের আই-লিগ ক্লাব স্পোর্টিং গোয়াতেও কাজের অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ফুটবলে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, কাবরেরার অধীনে বাংলাদেশ দল একটি মিশ্র সময় পার করেছে। গত চার বছরে তার অধীনে লাল-সবুজ জার্সিধারীরা মোট ৩৯টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছে। এর মধ্যে জয় এসেছে ১০টি ম্যাচে, ড্র হয়েছে ১০টিতে এবং হারতে হয়েছে বাকি ১৯টি ম্যাচে। তবে তার মেয়াদের সবচেয়ে বড় সাফল্য হিসেবে ধরা হয় ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপকে।
সেই টুর্নামেন্টে শক্তিশালী ভারতকে হারানোর পাশাপাশি দীর্ঘ ১৪ বছর পর সেমিফাইনালে ওঠার দারুণ এক স্মৃতিও দলকে উপহার দিয়েছিলেন তিনি।
তবে মুদ্রার উল্টোপিঠও দেখতে হয়েছে এই স্প্যানিশ কোচকে। সাম্প্রতিক সময়ে দল নির্বাচন এবং স্কোয়াড গঠন নিয়ে তাকে ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিশেষ করে ফুটবল ভক্তদের মধ্যে তাকে নিয়ে অসন্তোষ বাড়ছিল এবং ডাগআউটে নতুন, দক্ষ মুখের দাবি জোরালো হচ্ছিল।
বাফুফে সূত্রে জানা গেছে, খুব দ্রুতই নতুন কোচের জন্য দুই বছরের মেয়াদে একটি সার্কুলার প্রকাশ করা হবে।
তবে কাবরেরা চাইলে নতুন এই সার্কুলারে পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। যদিও বাফুফে নতুন কাউকে খুঁজছে এবং অন্য কোনো উপযুক্ত কোচ না পাওয়া গেলেই কেবল তার কথা বিবেচনা করা হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ দলের সঙ্গে তার চুক্তির নবায়ন না হওয়া এবং বিদায় একপ্রকার নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে।
কাবরেরার এই বিদায়ঘণ্টার মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবলে এখন নতুন এক অধ্যায়ের অপেক্ষা। এখন দেখার বিষয়, আগামী দুই বছরের জন্য লাল-সবুজদের ডাগআউটের গুরুদায়িত্ব কার কাঁধে তুলে দেয় বাফুফে।