আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬ ১৩:৩৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫ বার
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার রাতে ফোনালাপে হরমুজ প্রণালী সংকট নিয়ে আলোচনা করেছেন।
ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া অত্যন্ত জরুরি—এ বিষয়ে তারা একমত হয়েছেন। পাশাপাশি, তারা শিগগিরই আবার কথা বলবেন বলেও জানানো হয়।
এই ফোনালাপের আগে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রীসহ ইউরোপীয় মিত্রদের কঠোর সমালোচনা করেছিলেন, কারণ তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে সহায়তা দিতে অনাগ্রহ দেখিয়েছে।
ব্রিটেন ২২টি দেশের মধ্যে একটি, যারা হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার প্রচেষ্টায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ এই জলপথটি কার্যত বন্ধ রয়েছে।
রোববার ন্যাটো জোটের প্রধান মার্ক রুট বলেন, তিনি সম্পূর্ণ নিশ্চিত যে ন্যাটো জোট প্রণালীটি পুনরায় চালু করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, সামরিক অভিযানের গোপনীয়তার কারণে ন্যাটো দেশগুলোকে তাদের প্রতিক্রিয়া নির্ধারণে কিছুটা সময় নিতে হচ্ছে।
সূত্র: সিএনএন