ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬ ১৩:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯ বার
ঠাকুরগাঁও: এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়৷ যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে৷ সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে।
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারলো না৷ আমরা কাজ করে বেহেশতে যাবো৷ ধর্মকে ব্যবহার করা যায় না।
দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক৷ ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না৷ আমরা কাজ করতে এসেছি। কাজ করে যাবো৷
মহাসচিব বলেন, তারা মা-বোনদের বেহেশতে নেওয়ার কথা বলে ভুলিয়ে দেয়। এসবে ভুলবেন না৷ আল্লাহর সন্তুষ্টি ছাড়া বেহেশতে যাওয়া যাবে না৷ সৎ থাকতে হবে, হালাল রুজি খেতে হবে৷ না হলে বেহেশতে যাওয়া যাবে না৷ এসময় তিনি সততার সঙ্গে ভালোভাবে খাল খনন করার নির্দেশনা দেন।
তেল সংকট নিয়ে মন্ত্রী বলেন, যুদ্ধ লেগেছে, সে কারণে তেলের সরবরাহ কম৷ কিন্তু পাম্প (ফিলিং স্টেশন) ভাঙচুর করা সমীচিন নয়৷ মবকে আমরা কঠোর হস্তে দমন করবো৷ গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেব না৷
তিনি বলেন, গম ঝড়বৃষ্টিতে পড়ে গেছে।
আলু বৃষ্টিতে শুয়ে পড়েছে। আমাদের কৃষকের ভাগ্য এটাই৷ এসব সমস্যা আমরা বুঝি। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, কৃষি ঋণ মওকুফের৷ আমরা করে দিয়েছি৷ প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সাহায্য হবে এমন কাজগুলো করছেন৷ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সারাদেশে কয়েক কোটি নারীকে কার্ড দেওয়া হবে।
এটার মাধ্যমে তারা সহযোগিতা পাবেন৷ আমাদের সব প্রজেক্ট সম্পন্ন করা হবে৷ গোটা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে৷
এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ কর্মকর্তা, বিএনপির নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন৷