স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১৭:৫৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে আসরে জয়ের হাসি নিয়ে যাত্রা শুরু করল দক্ষিণাঞ্চল। রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচে মধ্যাঞ্চলকে ৭ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।
টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন মিরাজ। ব্যাট করতে নেমে মধ্যাঞ্চল শুরুতেই হারায় সাইফ হাসানকে।
৩৫ বলে ১৯ রান করে বিদায় নেন তিনি। এরপর ইনিংসের ভিত গড়ে দেন নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন। দ্বিতীয় উইকেটে তাদের ৯৩ রানের জুটি দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়।
নাঈম ৭৬ বলে ৬৯ রান করেন।
ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। সমান ৭৬ বল খেলেই ৬৩ রান যোগ করেন রবিন। মিডল ওভারে অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭৩ বলে ৬৭ রান করেন (২ চার, ৩ ছক্কা)। শেষদিকে ইরফান শুক্কুর ১৯ বলে ২৫ রান যোগ করলেও দুজনই রানআউটে বাদ পড়েন।
নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান তোলে মধ্যাঞ্চল।
দক্ষিণাঞ্চলের হয়ে তানভীর ইসলাম ও সৌম্য সরকার দুটি করে উইকেট নেন। মিরাজ ৫ ওভারে ৩৫ রান দিলেও উইকেটশূন্য থাকেন। মুস্তাফিজুর রহমান ১০ ওভারে ৩ মেডেনসহ ৪৪ রান খরচ করেও কোনো উইকেট পাননি।
২৬৫ রানের লক্ষ্যে নেমে শুরুতেই সৌম্য সরকারকে হারায় দক্ষিণাঞ্চল।
তবে আনিসুল ইসলামের ৪৩ ও জাওয়াদ আবরারের ৪০ রানে দল ঘুরে দাঁড়ায়। ১০৮ রানে তৃতীয় উইকেট হারানোর পর ক্রিজে জুটি বাঁধেন আফিফ হোসেন ও মোহাম্মদ মিঠুন।
চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ১৫৯ রানের জুটি ম্যাচ পুরোপুরি দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণে নিয়ে আসে। আফিফ ৮৬ বলে ১০০ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন, হাঁকান ৮টি চার ও ৫টি ছক্কা। অন্য প্রান্তে মিঠুন ৬৫ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন, তার ইনিংসে ছিল ৭ চার ও ৩ ছক্কা। ৪.৩ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে দক্ষিণাঞ্চল।