ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সিডনির প্রস্তুতিতে সন্তুষ্ট আলপি

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১৫:৪৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


সিডনির প্রস্তুতিতে সন্তুষ্ট আলপি

বিদেশে দীর্ঘমেয়াদি প্রস্তুতি ক্যাম্পের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। জাপান, কোরিয়া বা ভিয়েতনামে ক্যাম্প করার আলোচনা থাকলেও বাংলাদেশ নারী ফুটবল দল ঘরোয়া লিগ খেলেই এশিয়ান কাপের প্রস্তুতি সেরে নেয়। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন আফঈদা, রুপনা, মনিকারা।

১৯ ফেব্রুয়ারি রাতে দেশ ছেড়ে পরদিন সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে হালকা অনুশীলনের মধ্য দিয়ে প্রস্তুতি শুরু হয়।

এখন টানা চতুর্থ দিনের মতো অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ঋতুপর্ণা চাকমারা। ক্যাম্পের বড় স্বস্তি হলো মাঠ, জিম ও হোটেল একই কমপ্লেক্সে। এতে যাতায়াতের ঝামেলা নেই, সময়ও সাশ্রয় হচ্ছে।

 

প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া তরুণ ফরোয়ার্ড আলপি আক্তার এক ভিডিও বার্তায় জানান, অস্ট্রেলিয়ার আবহাওয়ায় শুরুতে কিছুটা চ্যালেঞ্জ ছিল।

তবে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন সবাই। একই স্থানে অনুশীলন ও থাকার সুবিধা প্রস্তুতিকে আরও সহজ করেছে বলেও জানান তিনি।

 

ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে জায়গা পান আলপি। সর্বশেষ লিগে চ্যাম্পিয়ন দলের হয়ে ১০ ম্যাচে ৩০ গোল করেন তিনি।

পরে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে আরও ৭ গোল করে নিজের ধারাবাহিকতা ধরে রাখেন। সেই আত্মবিশ্বাস নিয়েই এখন সিনিয়র দলের অনুশীলনে নিজেকে মানিয়ে নিচ্ছেন এই ফরোয়ার্ড।

 

জাতীয় দলের জার্সিতে প্রথমবার অনুশীলনের অভিজ্ঞতা নিয়ে আলপি বলেন, এটি তার দীর্ঘদিনের স্বপ্নপূরণ। সিনিয়রদের সঙ্গে অনুশীলন করে আত্মবিশ্বাস আরও বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সিডনির প্রস্তুতি পর্ব শেষে ২৭ ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত টিম হোটেলে উঠবে বাংলাদেশ দল।

৩ মার্চ এশিয়ান কাপে প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে তারা। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

 

প্রস্তুতিতে কিছু সীমাবদ্ধতা থাকলেও সিডনির অনুকূল পরিবেশে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে দল। এখন মাঠের পারফরম্যান্সই বলে দেবে, বড় মঞ্চে কতটা লড়াই দিতে পারে বাংলাদেশ নারী ফুটবল দল।


   আরও সংবাদ