স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২১ বার
দক্ষিণ আফ্রিকার ১৮৭ রান তাড়া করতে নেমে ভারত থেমে গেল মাত্র ১১১ রানে। ইশান কিষাণ খাতা খোলার আগেই বিদায় নিলেন। টানা তিন ম্যাচে শূন্য রানে ফেরার পর অভিষেক শর্মার ব্যাট থেকে এল মাত্র ১৫ রান। তিলক ভার্মা ফিরলেন এক রান করে।
কঠিন চাপের মুখে অধিনায়ক সূর্যকুমার যাদব হাল ধরতে পারতেন, কিন্তু তিনিও ১৮ রানে আউট হন। সব মিলিয়ে পুরো দলের হতশ্রী ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের হারে শুরু হলো ভারতের সুপার এইট মিশন।
আহমেদাবাদে রোববার গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্টের লড়াইয়ে পাত্তাই পেল না বর্তমান চ্যাম্পিয়নরা। ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা তোলে ১৮৭ রান।
জবাবে ১১১ রানেই গুটিয়ে যায় ভারত। বিপদের সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে ৩৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন ডেভিড মিলার।
পাওয়ার প্লেতেই ধস নামে ভারতের ব্যাটিংয়ে। ২৬ রানে ৩ উইকেট হারানোর পর পথটা কঠিন হয়ে পড়েছিল।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সেই পথ আর খুঁজে পায়নি তারা। ৫১ রানে ৫ উইকেট হারানোর পর শিভম দুবে ও হার্দিক পান্ডিয়া মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু তাঁদের ৩৫ রানের জুটিটি ভাঙে ১৭ বলে ১৮ রান করে পান্ডিয়া বিদায় নিলে। তাঁর প্রস্থানের পর ভারতের রান একশর নিচে থাকার শঙ্কা জাগে।
মাত্র তিন রানের ব্যবধানে পান্ডিয়া ছাড়াও ভারত হারায় রিঙ্কু সিং (০) ও আর্শদীপ সিংকে (১)।
শিভমের একক চেষ্টায় ভারত কোনোমতে ১০০ পার করে। ১৮.৫ ওভারে ১১১ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন শিভম।
প্রোটিয়া বোলারদের মধ্যে মার্কো ইয়ানসেন নেন ৪টি উইকেট। এ ছাড়া কেশব মহারাজ ৩টি এবং এইডেন মার্করাম ও করবিন বোশ নেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। ২০ রানে ৩ উইকেট হারানোর পর ডেভিড মিলার (৬৩), ডেওয়াল্ড ব্রেভিস (৪৫) ও ট্রিস্টান স্টাবস (৪৪) রুখে দাঁড়ান। মিলার ও ব্রেভিসের ৫১ বলে ৯৭ রানের জুটিতেই মূলত ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান তোলে তারা।
ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। আর্শদীপ সিং নেন দুটি উইকেট।