ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬ ০৯:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার
৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোট ২২৪ দশমিক ২৬ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য (এমপি) মো. আবুল কালামের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।
এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিম্টার কায়সার কামাল।
প্রশ্নে মো. আবুল কালাম জানতে চান, ২০২৬ সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কত কোটি টাকার রপ্তানি আদেশ পেয়েছেন, উক্ত রপ্তানি আদেশ পূর্ববর্তী বাণিজ্য মেলা হতে কত কম বা বেশি?
উত্তরে বাণিজ্যমন্ত্রী জানান, দেশীয় পণ্যের প্রচার, প্রসার এবং বিপণনে সহায়তা প্রদানের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃক প্রতিবছরের ন্যায় ২০২৬ সালে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২০২৬ সালে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোট ২২৪ দশমিক ২৬ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে, যা ২০২৫ সালে প্রাপ্ত ৩৯২ কোটি টাকার তুলনায় ৪২ দশমিক৭৯ শতাংশ কম।