ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬ ০৯:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
এইচএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য সময় একদিন বাড়ানো হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি (অনলাইনে) ত্রুটির কারণে উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া অদ্য ৭ নভেম্বর বিকাল ৪টা থেকে রাত ৮ট পর্যন্ত বিঘ্নিত হয়। এ কারণে অনেক পরীক্ষার্থী ওই সময়ে আবেদন করতে পারেনি।
পরীক্ষার্থীদের উক্ত বিষয়টি বিবেচনা করে উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় অদ্য ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে সোমবার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হলো।
এদিকে, মাত্র ৭ দিনে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি খাতা দেখার আবেদন করেছেন শিক্ষার্থীরা।
বিগত কয়েক বছরের মধ্যে এটিই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে সর্বোচ্চ আবেদন।
এইচএসসির ফলপুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল আগামী ২৭ নভেম্বর প্রকাশ করা হবে।