ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার
প্রধানমন্ত্রীকে সভাপতি করে সরকার ‘জাতীয় প্রতিরক্ষা শিল্প কমিটি’ গঠন করেছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অর্থ, শিল্প, বাণিজ্য মন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির কার্যপরিধি
প্রতিরক্ষা শিল্প উন্নয়ন পরিকল্পনায় দিকনির্দেশনা প্রদান এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান; প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও রপ্তানি সংক্রান্ত নীতিগত দিকনির্দেশনা প্রদান; স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশনা প্রদান; বিভিন্ন পর্যায়ে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও গবেষণার প্রয়োজনীয়তা নির্ধারণ করা; পূর্ণাঙ্গ প্রতিরক্ষা শিল্প বিভাগ (ডিআইডি) গঠনের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান; প্রতিরক্ষা শিল্প বিভাগ (ডিআইডি)-এর মাধ্যমে প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী/সরকারপ্রধান প্রয়োজন অনুযায়ী অন্য যেকোনো নির্বাহী সদস্য কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবেন।
সরকার কর্তৃক নির্বাচিত যেকোনো কর্মরত/অবসরপ্রাপ্ত সামরিক/বেসামরিক কর্মকর্তা (গ্রেড-১) (প্রতিরক্ষা শিল্প বিভাগের নির্বাহী পরিচালক) কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে।