ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১১ বার
ঢাকা: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষায় রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার কারণে এ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতিও বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টা ২২ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকাল থেকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকরা মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে ও আশপাশের এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। মেট্রোরেল একটি স্পর্শকাতর ও ‘কেপিআই-১ (ক)’ শ্রেণিভুক্ত সরকারি স্থাপনা হওয়ায় সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
এর অংশ হিসেবে সকাল ১০টা ২২ মিনিট থেকে মিরপুর-১১ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ রাখা হয়। একই সঙ্গে স্টেশনের প্রবেশ ও বের হওয়ার সব গেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং স্টেশন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এমআরটি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।