আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬ ০৯:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার
সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি প্রজেক্টাইল এসে পড়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়।
শনিবার (১০ অক্টোবর) দাম্মামের বিমানবন্দরসংলগ্ন এলাকায় প্রজেক্টাইলটি পড়ার তথ্য জানায় হুথিবিরোধী জোট।
তবে এর উৎস, হামলার লক্ষ্যবস্তু কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে শনিবার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।
এতে কয়েক ডজন মানুষ আহত হন বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে খবর প্রকাশিত হয়েছে। আহতদের উদ্ধারে এক ডজনের বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে ছুটে যায়।
বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদের বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ের জন্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
চলতি সপ্তাহে রিয়াদের বিমানবন্দরে ধারাবাহিক হামলা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক পরিকল্পনার জন্যও উদ্বেগ তৈরি করেছে। রিয়াদকে বৈশ্বিক ভ্রমণ ও ব্যবসার কেন্দ্রে পরিণত করতে চান তিনি। এসব হামলার কারণে আগামী কয়েক সপ্তাহে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন ব্যাহত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা, এএফপি