ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে আরেক ধাপ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬ ১৭:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


 নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে আরেক ধাপ

ঢাকা: জাতীয় বেতন স্কেল, ২০২৬ বাস্তবায়নে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জারি করা গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে এসব প্রতিষ্ঠানের কর্মীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।

 

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা বুধবার (৭ অক্টোবর) এ-সংক্রান্ত চিঠি জারি করে। চিঠির সঙ্গে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরও নম্বর ৩৪৮-আইন/২০২৬-এর কপি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে গেজেট অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর আওতায় স্বায়ত্তশাসিত (Public Bodies) ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ বিভাগের জারি করা গেজেটের কপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালকদের কাছে গেজেট পাঠানোর কথা জানানো হয়েছে।

 

যেসব প্রতিষ্ঠানে গেজেট পাঠানো হয়েছে, তার মধ্যে রয়েছে দেশের রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক-সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।

 

এ ছাড়া পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ), সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, সাবিনকো ও ইউবিকোকেও গেজেট পাঠানো হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটকেও গেজেটের কপি পাঠানো হয়েছে।

জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর আওতায় স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য গত ১৭ সেপ্টেম্বর গেজেট জারি করে অর্থ বিভাগ। এবার সেটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো হলো। এর মাধ্যমে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ও বেতন নির্ধারণের কার্যক্রম শুরুর সুযোগ তৈরি হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের চিঠিতে গেজেট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখন নতুন বেতন স্কেল বাস্তবায়নের পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারবে।


   আরও সংবাদ