ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ অগাস্ট, ২০২৬ ১৬:২৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১১ বার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রবীণ ও নবীনদের একসঙ্গে নিয়ে আদর্শিক সংগ্রামে উদ্দীপ্ত হতেই নেতাকর্মীরা আজ এখানে সমবেত হয়েছেন।
তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুস্থ, দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই বিএনপি ও এর পতাকাতলে স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন।
বন্যা, জলোচ্ছ্বাস কিংবা ভূমিকম্পের মতো যেকোনো জাতীয় দুর্যোগে স্বেচ্ছাসেবক দল মানুষের সেবায় এগিয়ে যাওয়ার যে দৃষ্টান্ত স্থাপন করেছিল, বর্তমান সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল ও মীর সরফত আলী সপুদের নেতৃত্বেও অতীতে একইভাবে কার্যক্রম পরিচালিত হয়েছে।
তিনি আরও বলেন, দলের মূল প্রত্যয় দুটি-প্রথমত, রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক চর্চা ও অনুশীলনকে শক্তিশালী করা; দ্বিতীয়ত, জনগণের কল্যাণে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফার আলোকে সামাজিক সুরক্ষা, কৃষক ও নারীদের সহায়তা এবং জনকল্যাণমূলক নীতি বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে।
তিনি বিগত আওয়ামী লীগ সরকারের কর্মসংস্থান ও উন্নয়নের প্রতিশ্রুতিকে মিথ্যা আশ্বাস হিসেবে উল্লেখ করে বিএনপির প্রতিশ্রুতি রক্ষার সংস্কৃতির কথা তুলে ধরেন।
পাশাপাশি হামের প্রাদুর্ভাব ও টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন স্বাস্থ্যগত বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, সংগঠনটির সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।