ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান বলেছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি সরকারের শুরুতেই প্রান্তিক জনগোষ্ঠী ও কৃষি খাতকে প্রাধান্য দিয়েছেন।
কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণের মতো কর্মসূচি মূলত কৃষকদের স্বপ্নপূরণ এবং মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই গ্রহণ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) শেকৃবির ছাত্র-শিক্ষক অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে লেভেল-১, সেমিস্টার-১ শ্রেণির নবাগত ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ২০২৬ অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, আজকের এই দিনে প্রথমেই স্মরণ করছি বিগত ১৭ বছর বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যারা গুম ও শহীদ হয়েছেন। একইসঙ্গে জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের গণতন্ত্রকে নতুন রূপে উপহার দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
কৃষিবিদদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, একজন চিকিৎসক যেভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন, ঠিক তেমনি কৃষিবিদরা গবেষণার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন, আপনাদের সাথে নিয়ে তা বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে বাংলাদেশ বিদেশেও খাদ্যশস্য রপ্তানি করে অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অত্যন্ত মেধাবী ও কৃতী শিক্ষার্থী। আপনাদের ওপর পরিবার, শিক্ষক এবং পুরো দেশ ভরসা করে। ঢাকায় এসে সঙ্গদোষে যেন কারো শিক্ষাজীবন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। মেধা ও গবেষণার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ের গৌরব ধরে রাখার আহ্বান জানাচ্ছি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শেকৃবিতে নবাগত শিক্ষার্থীদের জন্য একটি নতুন হল নির্মাণ এবং গবেষণার জন্য প্রয়োজনীয় ফান্ড বরাদ্দের জোর দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, উপ-উপাচার্য ড. মো. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেকৃবির শিক্ষকশিক্ষিকা নবাগত ভর্তিকৃত ছাত্র-ছাত্রী প্রমুখ।