ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ মে, ২০২৬ ০৯:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার
গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু বলেছেন, বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে শিক্ষকদের বেতন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সুবিধা ও গবেষণা খাতে বিনিয়োগ বাড়াতে হবে।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর শিক্ষকদের বেতনের তুলনামূলক চিত্র বিবেচনায় এনে বাংলাদেশের শিক্ষকদের মর্যাদাপূর্ণ বেতন কাঠামো নির্ধারণ করতে হবে এবং বাজেটে তার প্রতিফলন রাখতে হবে।
শনিবার (২৩ মে) বিকেলে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে গণসংহতি আন্দোলন-জিএসএ বরিশাল জেলার আয়োজনে ‘নাগরিক ভাবনায় আগামীর বাজেট’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেওয়ান নীলু আরও বলেন, কৃষিপণ্য সংরক্ষণাগারের সংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ বাজেটে থাকতে হবে। গুরুত্বপূর্ণ কৃষিপণ্য সরকারিভাবে কেনার কার্যকর ব্যবস্থা আমরা দেখতে চাই।
কৃষিজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা সম্প্রসারণের জন্যও আমরা বাজেটে বিশেষ বরাদ্দ দেখতে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে জিএসএর রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু বলেন, সমাজের সকল স্তরের মানুষের জীবনের গুণগত মান পরিবর্তনের উদ্যোগ আমরা বাজেটে দেখতে চাই।
স্কুলের শিশুদের জন্য মিড-ডে মিল নিশ্চিত করা দরকার। বয়স্ক নাগরিকদের জন্য পর্যাপ্ত ভাতা ও সামাজিক নিরাপত্তা, পথশিশুদের পুনর্বাসন এবং দরিদ্র ও এতিম শিশুদের জন্য আবাসিক স্কুলের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ যাতে সরকার নেয়, তার প্রতিফলন আসন্ন বাজেটে থাকা দরকার।
আলোচনা সভায় বক্তারা সাশ্রয়ী ও নিরাপদ গণপরিবহণ ব্যবস্থা, প্রবাসী শ্রমিকদের জন্য ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, লেদার, টেক্সটাইলসহ সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে ইটিপি চালু, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উপর বিমা ও নিরাপত্তা সুবিধার এবং কর্মজীবী নারীদের জন্য নিরাপদ হোস্টেল, ডে-কেয়ার সেন্টার ও পাবলিক টয়লেটের জন্য প্রয়োজনীয় প্রণোদনা ও বরাদ্দের আহ্বান জানান।
জিএসএর বরিশাল জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজের সভাপতিত্বে ও সহ-নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন মারুফের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বরিশাল জেলা সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, ড্যাব বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, ক্যাব বরিশাল জেলার সংগঠক রণজিৎ দত্ত, গণঅধিকার পরিষদ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি মো: হাফিজুর রহমান হিরা, অধ্যক্ষ আজমল হোসেন, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন বরিশাল জেলা সভাপতি ইউসুফ মোল্লা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা অর্থ সম্পাদক ফারজানা পায়েল।
সভায় উপস্থিত ছিলেন জিএসএর কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক রুবিনা আক্তার, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম ছাড়াও বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ।