ঢাকা, সোমবার, ০৪ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ মে, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান

জাপানের শৃঙ্খলা ও প্রযুক্তিগত উন্নয়নের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

রোববার (৩ মে) জাপানের সাইতামা প্রিফেকচারের কশিগায়া শহরের গামো হলে ‘ইসলামিক মিশন জাপান’ আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও শিক্ষা শিবির-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

ডা. শফিকুর রহমান বলেন, জাপান এমন একটি দেশ, যেখানে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং সময়নিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। প্রযুক্তিগত উন্নয়ন ও কর্মসংস্কৃতির ক্ষেত্রে জাপান বিশ্বের জন্য অনন্য উদাহরণ।

এ দেশ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

 

বিরোধীদলীয় নেতা বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র।

স্বাধীনতার পর থেকেই তারা আমাদের উন্নয়নযাত্রায় ভূমিকা রাখছে। আপনারা দক্ষতা অর্জন করে আধুনিক প্রযুক্তির জ্ঞান দেশে কাজে লাগালে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

আপনাদের সততা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

 

তিনি বলেন, সাম্প্রতিক ছাত্র-গণঅভ্যুত্থান বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। পরিবর্তনের এ ধারাকে টেকসই করতে দেশের ভেতরের পাশাপাশি প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।


   আরও সংবাদ