ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সরকারকে দায়ী করল জামায়াত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ মার্চ, ২০২৬ ২৩:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার


সরকারকে দায়ী করল জামায়াত

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের যাতায়াত ব্যবস্থার চরম অব্যবস্থাপনা এবং সড়ক ও রেলপথে ক্রমবর্ধমান দুর্ঘটনার জন্য সরকারকে দায়ী করেছে দলটি।

 

রোববার (২২ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই উদ্বেগ প্রকাশ করেন।

 

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২২ মার্চ রাত ৩টায় কুমিল্লায় এক ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।

 

প্রতিনিয়ত মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করছে, অথচ সরকারের মধ্যে এ নিয়ে কোনো কার্যকর উদ্যোগ বা জবাবদিহিতা নেই। এই অবস্থা একটি সভ্য রাষ্ট্রে কখনোই মেনে নেওয়া যায় না।

পরিবহন খাতে চরম নৈরাজ্য বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে একের পর এক রেল ও সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি প্রমাণ করে যে, দেশের পরিবহন খাতে চরম নৈরাজ্য ও অব্যবস্থাপনা বিরাজ করছে। এই পরিস্থিতির জন্য সরাসরি বিএনপি সরকারের অযোগ্য ও অথর্ব সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম দায়ী।

 

 

জামায়াত সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, মন্ত্রীর চরম অবহেলা, অদক্ষতা এবং দায়িত্বহীনতার কারণেই আজ সাধারণ মানুষ নিরাপদে চলাচলের ন্যূনতম নিশ্চয়তা থেকে বঞ্চিত হচ্ছে। নিয়মিত তদারকির অভাব, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা এবং রেলক্রসিংগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি—সবকিছু মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

বিবৃতিতে অবিলম্বে কুমিল্লার দুর্ঘটনাসহ সাম্প্রতিক সব দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

 

 

নিহতদের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, জনগণের জীবন রক্ষা করতে ব্যর্থ এই সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় দেশের মানুষই এর যথাযথ জবাব দেবে।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


   আরও সংবাদ