ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০ বার
বিগত তিনটি কারচুপির নির্বাচনে পতিত আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর জাতীয় পার্টিকে (জাপা) বিএনপি আশ্রয় দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ তোলেন দলটির নেতারা।
এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল বলেন, গত ১৬ মাস ধরে বিএনপি জাপাকে শেল্টার (আশ্রয়) দিয়েছে। প্রায় আড়াইশো প্রার্থী নিয়ে জাপার নির্বাচনে অংশগ্রহণ জাতির জন্য লজ্জাজনক এবং এই কলঙ্কের দায় একমাত্র বিএনপির।
তিনি বলেন, আওয়ামী লীগকে বিগত তিনটি কারচুপির নির্বাচনে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে জাপা। তাদের সমর্থনের কারণেই বাংলাদেশে ভয়াবহ ফ্যাসিবাদ তৈরি হয়েছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপি জাপাকে নিষিদ্ধের দাবি জানালে বিএনপির তীব্র বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। জাপার নির্বাচনে অংশ নেওয়া জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা।
এর আগে প্রশাসন ও নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, ইসি বর্তমানে একটি নির্দিষ্ট দলের পদলেহন করছে। প্রশাসন-পুলিশও একইভাবে ওই দলটির দলীয় কর্মী হিসেবে কাজ করছে।
তিনি বলেন, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে ১২ ফেব্রুয়ারি আমরা যে উৎসবমুখর নির্বাচনের আশা করছি, সেখানে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না এবং তাদের নিরাপত্তা নিশ্চিত হবে কি না, তা নিয়ে শঙ্কা থাকবে।