ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬ ০৯:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা মোকাবিলা এবং জাতীয় ঐক্য জোরদার করতে বিরোধী দলগুলোকে জাতীয় সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে সরকারি দল বিএনপি। আগামী ২৭ বা ২৮ নভেম্বর এ সংলাপ অনুষ্ঠিত হতে পারে।
এতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা যোগ দেবেন। তবে সংলাপের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন। অন্যদিকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আজ রোববার দেশে ফিরছেন।
তাদের দেশে ফেরার পর সংলাপের প্রস্তুতি আরও এগোবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান একান্তে বৈঠক করেন।
পরে সংসদে দেওয়া ভাষণে তারা ফ্যাসিবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী সংসদ ও সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকে একই মঞ্চে আসার আহ্বান জানান। এর পরই বিরোধী দলগুলোকে জাতীয় সংলাপে বসার আমন্ত্রণ জানায় বিএনপি। বৈঠকের পর ১১ দলীয় ঐক্যের নেতারাও ফলোআপ বৈঠক করেছেন।
জাতীয় ঐক্য গড়ার প্রশ্নে সরকার ও বিরোধী দলগুলো নীতিগতভাবে একমত হলেও কয়েকটি বিষয়ে দরকষাকষি চলছে। এর মধ্যে রয়েছে সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ, জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে নতুন সিদ্ধান্ত এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়া। জামায়াত ও এনসিপির বিরুদ্ধে বিএনপির কয়েকজন নেতার আক্রমণাত্মক বক্তব্য বন্ধের বিষয়টিও আলোচনায় রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১১ দলীয় ঐক্যের দাবি, গণভোটের রায় অনুযায়ী কোনো নোট অব ডিসেন্ট ছাড়াই জুলাই জাতীয় সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি প্রতিটি জেলায় নির্বাচিত সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী কমিটি গঠনের বিষয়টিও আলোচনায় রয়েছে।
অন্যদিকে সংবিধান সংশোধন-সংক্রান্ত ১৭ সদস্যের বিশেষ কমিটিতে বিরোধী দলের পাঁচজন প্রতিনিধি চায় বিএনপি। সরকারি দলের পক্ষ থেকে প্রতিনিধি মনোনয়নের অনুরোধ জানানো হলেও সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ার বিষয়টি উল্লেখ করে বিরোধী দল এখনো প্রতিনিধি দেয়নি। জাতীয় ঐক্যের স্বার্থে ‘নোট অব ডিসেন্ট’-এর কিছু বিষয়ে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বিএনপি। তবে এর বিনিময়ে বিরোধী দলগুলোর ইতিবাচক সহযোগিতা ও কয়েকটি বিষয়ে অভিন্ন অবস্থান প্রত্যাশা করছে সরকারি দল।
জামায়াত ও এনসিপি জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে। তাদের মতে, সনদের গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ দিয়ে বা আংশিক বাস্তবায়নের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা সম্ভব নয়। এ ছাড়া জামায়াত ও এনসিপির বিরুদ্ধে নিয়মিত বক্তব্য দেওয়া সরকারের একজন প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী এবং অন্য একটি দলের শীর্ষ নেতাকে নিবৃত্ত করার দাবিও রয়েছে তাদের।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের নাম হবে ‘জুলাই ঐক্য’ এবং এর ভিত্তি হবে জুলাই সনদ। গণভোটে সনদের পক্ষে দেওয়া রায়ের পূর্ণ বাস্তবায়নই হবে এই ঐক্যের মূল ভিত্তি। ফ্যাসিবাদ প্রতিরোধে রাজপথে জামায়াতের শক্ত অবস্থান অব্যাহত থাকবে। শনিবার থেকে দলটির ৪০ দিনের কর্মসূচি শুরু হয়েছে বলেও জানান তিনি।
এদিকে জাতীয় সংলাপের আগে নিজেদের অবস্থান ঠিক করতে বৈঠকে বসবে এনসিপি। নাহিদ ইসলাম দেশে ফেরার পর আজ রোববার দলটির নেতারা বৈঠক করবেন। এনসিপির নেতারা জানিয়েছেন, ফ্যাসিবাদ ও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে তারা একমত। তবে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কারের বিষয়ে সরকারকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর প্রত্যাশা, জাতীয় সংলাপের মাধ্যমে জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ তৈরি হবে।