ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বারী সিদ্দিকীর স্মরণে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬ ১৯:৪৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


বারী সিদ্দিকীর স্মরণে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাটি ও মানুষের শিল্পী, প্রখ্যাত সংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকীর জন্মদিন উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের উদ্যোগে বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এতে প্রয়াত এই শিল্পীর স্মরণে থাকছে স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা ও আলোচনা পর্ব। পাশাপাশি দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক আয়োজন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। উদ্বোধন করবেন সমাজসেবক ও সংগীতানুরাগী ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ফিরোজ হায়দার খান।

 

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় বাউলশিল্পী শফি মণ্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, আশরাফ উদাস, পথিক নবী, সৈয়দ আশিকুর রহমান (আশিক), ইয়াছমিন সুলতানা লায়লা, ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু, সালমা, বিউটি, রাজীব, পারভেজ খান, লিটা সরকার, নিশি শ্রাবণী, সুমাইরা সঙ্গী, মুনিয়া মুন, জুয়েল সরকার ও প্রিন্স আলমগীরসহ আরও অনেকে।

উল্লেখ্য, বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনার এক সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সংগীত ও বাঁশির প্রতি ছিল তার গভীর অনুরাগ। পরবর্তী সময়ে গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গানে নিজস্ব স্বকীয়তায় শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। ২০১৭ সালের ২৪ নভেম্বর মৃত্যুবরণ করেন বারী সিদ্দিকী।

বারী সিদ্দিকী অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে- ‘শুয়া চান পাখি, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পূবালি বাতাসে’, ‘তুমি থাকো কারাগারে’, ‘রজনী হইস নারে অবসান’, ‘ওগো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’ প্রভৃতি উল্লেখযোগ্য। 


   আরও সংবাদ