ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আইসিসিবিতে শুরু হলো ফার্নিচার মেলা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬ ০৯:১৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬ বার


আইসিসিবিতে শুরু হলো ফার্নিচার মেলা

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা। মঙ্গলবার উদ্বোধন হওয়া মেলায় দেশের ৪৪টি শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানি ৩২৩টি স্টলে তাদের পণ্য ও আধুনিক নকশা প্রদর্শন করছে।

 

আইসিসিবির পুষ্পগুচ্ছ, রাজদর্শন ও নবরাত্রি হলে আয়োজিত পাঁচ দিনব্যাপী মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান।

 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, ‘দেশের আসবাব শিল্প আজ কেবল স্থানীয় চাহিদাই মেটাচ্ছে না, বরং জাতীয় অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ফার্নিচার খাতে ইতিবাচক রপ্তানি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা এই শিল্পের ঘুরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত দেয়।

 

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, ‘তৈরি পোশাক শিল্পের মতো প্রধান রপ্তানি খাতের বাইরে আন্তর্জাতিক বাজারে দেশীয় ব্র্যান্ডের ফার্নিচারের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। দেশে প্রায় ৩০ হাজার কোটি টাকার আসবাবের বিশাল স্থানীয় বাজার তৈরি হয়েছে। এ বাজারের পুরোটাই এখন দেশীয় শিল্পের দখলে।’  বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান বলেন, দেশীয় ফার্নিচার শিল্পকে আরও এগিয়ে নিতে হলে মান, নকশা ও প্রযুক্তিতে বিনিয়োগের পাশাপাশি উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন ও দক্ষ জনবল নিশ্চিত করতে হবে।

মেলা কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএসের ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ আবদুল আউয়াল বলেন, ‘জাতীয় ফার্নিচার মেলা দেশীয় নির্মাতাদের জন্য তাঁদের সর্বশেষ নকশা, পণ্যের বৈচিত্র্য ও উদ্ভাবন সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার একটি দারুণ সুযোগ। একই ছাদের নিচে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ডগুলোকে একত্র করার মাধ্যমে আমরা ক্রেতাদের নতুন ডিজাইন সম্পর্কে জানার, পণ্য তুলনা করার এবং নিজেদের চাহিদা অনুযায়ী ফার্নিচার বেছে নেওয়ার সুযোগ করে দিচ্ছি।’

মেলায় আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল, লেগাসিসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নিচ্ছে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি)।


   আরও সংবাদ