ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পাকিস্তানে সংঘর্ষে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৩ মে, ২০২৬ ২০:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১২ বার


পাকিস্তানে সংঘর্ষে নিহত ২২

পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিখ-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং এর বিচ্ছিন্ন উপদল জামায়াতুল আহরারের (জেইউএ) মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন।

খাইবার পাখতুনখোয়ার কুর্রাম উপজাতীয় জেলার ভেতরে দুই পক্ষের কমান্ডারদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে সংঘর্ষের সূত্রপাত হয় বলে শুক্রবার স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

 

সূত্র জানায়, মধ্য কুর্রামের মানাতো এলাকায় এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার আগে তেহরিখ-ই-তালিবানের কেন্দ্রীয় শুরা কয়েকজন জেইউএ কমান্ডারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

পরে স্থানীয় টিটিপি কমান্ডারদের নির্দেশে অস্ত্র সমর্পণের কথা বলা হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

 

সংঘর্ষে জেইউএ’র ১৯ জন যোদ্ধা নিহত হন।

এছাড়া টিটিপির তিন সদস্যও প্রাণ হারান বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি জিরগা (উপজাতীয় সমাবেশ) ডাকা হয়েছিল।

তবে বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হলে পরিস্থিতির আরও অবনতি ঘটে।

 

এদিকে জেইউএ এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে সামাজিক মাধ্যমে নিহত সদস্যদের ছবি প্রচার করা হয়েছে বলেও জানিয়েছে সূত্রগুলো।

অন্যদিকে, নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল ও স্পিনওয়াম এলাকায় সাম্প্রতিক সামরিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী কমান্ডার জান মির নিহত হয়েছেন। তার সঙ্গে আরও প্রায় ৩০ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।


   আরও সংবাদ