ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৩ মে, ২০২৬ ০৯:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আরব আমিরাত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে নতুন পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে দেশটির বিভিন্ন তেল ডিপো ও জ্বালানি অবকাঠামোর ওপর লোহার তৈরি বিশেষ খাঁচা বা সুরক্ষা কাঠামো বসানো হচ্ছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, তেল ডিপোগুলোর ওপর শক্ত লোহার জাল ও খাঁচা আকৃতির কাঠামো নির্মাণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ছোট আকারের ড্রোন সরাসরি আঘাত হানতে না পারার জন্যই এই প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে সংঘাতের প্রভাব এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে অঞ্চলজুড়ে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো হামলার ঝুঁকিতে পড়েছে।

যুদ্ধ শুরুর পর আমিরাতের ভূমিকাকে কেন্দ্র করে তেহরানের সঙ্গে দেশটির সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।

 

বিশেষ করে আমিরাতে ইসরায়েলি সেনাসদস্যদের উপস্থিতি এবং ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইরান।

এর পর থেকেই আমিরাতের তেলক্ষেত্র ও ডিপোগুলোকে লক্ষ্য করে ছোট ড্রোন হামলার আশঙ্কা বাড়তে থাকে।

 

সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন আমিরাত সফরের খবর প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নতুন করে যুদ্ধপরিস্থিতি অবনতি হলে আমিরাতের ওপর বড় ধরনের হামলা চালানো হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে তেল ও গ্যাস খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মোট জিডিপির প্রায় ৩০ শতাংশ আসে এই খাত থেকে। ফলে জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা এখন আমিরাতের জন্য বড় অর্থনৈতিক ও কৌশলগত উদ্বেগে পরিণত হয়েছে।

বিশ্লেষকদের মতে, শুধু প্রচলিত সামরিক প্রতিরক্ষা নয়, এখন অবকাঠামোগত নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিচ্ছে আমিরাত। তেল ডিপোর ওপর লোহার খাঁচা নির্মাণ সেই কৌশলেরই অংশ। মধ্যপ্রাচ্যের চলমান ছায়া যুদ্ধ যে এখন সরাসরি জ্বালানি নিরাপত্তাকে প্রভাবিত করছে, এই পদক্ষেপ তারই স্পষ্ট ইঙ্গিত।

সূত্র: এনডিটিভি


   আরও সংবাদ