ঢাকা, বুধবার, ০৬ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১০ হাজার আগ্নেয়াস্ত্র এখনো জমা হয়নি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ মে, ২০২৬ ১৬:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার


১০ হাজার আগ্নেয়াস্ত্র এখনো জমা হয়নি

বিগত সরকারের (আওয়ামী লীগ) আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি এ তথ্য জানান।

 

আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আসন্ন ঈদুল আযহার প্রস্তুতিসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় দেওয়া এসব আগ্নেয়াস্ত্র দ্রুত জমা ও উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে প্রয়োজনে মামলা দায়ের ও অস্ত্র বাজেয়াপ্ত করার কথাও জানান তিনি।

২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নীতিবহির্ভূতভাবে দেওয়া লাইসেন্সগুলো জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

সালাহউদ্দিন আহমদ আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক ও হয়রানিমূলক ‘গায়েবি’ মামলাগুলো প্রত্যাহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারদের সমন্বয়ে গঠিত কমিটি এসব আবেদন যাচাই করবে।

তবে হত্যা, অস্ত্র ও মাদক পাচারের মতো গুরুতর অপরাধের মামলা এই প্রক্রিয়ার বাইরে থাকবে।

 

বৈষম্যবিরোধী আন্দোলনের পর দায়ের হওয়া মামলাগুলোতে নিরপরাধ ব্যক্তি বা সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী। একইসঙ্গে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো ব্যক্তিদের আইনি প্রক্রিয়ায় অব্যাহতি দেওয়ার কথাও বলেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে সীমান্তে অস্থিরতার আশঙ্কা না থাকলেও বর্ডার গার্ড বাংলাদেশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।


   আরও সংবাদ