ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৬ মে, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০ বার
ঢাকা: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী-জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৬ মে) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এ তথ্য জানিয়েছেন।
আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই ডিগ্রি দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার (৫ মে) মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানায়।
একই সঙ্গে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে এই সম্মাননা গ্রহণের অনুরোধ করা হয়েছে। কনস্যুলেটের একজন প্রতিনিধি সেখানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করবেন।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন পর, ২৪ এপ্রিল লিমনের মরদেহ পায় পুলিশ।
লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
একই সময় নিখোঁজ হওয়া বৃষ্টির মরদেহের অংশ গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে পাওয়া যায়।