ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬ ২১:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার
জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী সংসদে কখনো স্বাধীনতার বিরুদ্ধে কোনো কথা বলেননি বলে দাবি করেছেন দলটির নেতা ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। পতিত ফ্যাসিবাদী সরকারের আমলে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
আমৃত্যু কারাবাস করতে হয়েছে দেলাওয়ার হোসাইন সাঈদীকে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
মাওলানা মতিউর রহমান নিজামীকে শ্রদ্ধাভরে স্মরণ করে শাহজাহান চৌধুরী বলেন, ‘আজকে মাওলানা মতিউর রহমান নিজামীকে সংসদে খুঁজে পাই না। তিনি ১০ বছর পার্লামেন্টে ছিলেন।
তিনি এই পার্লামেন্টে কাউকে আঘাত দিয়ে কোনোদিন কথা বলেছেন? আজকের কৃষিমন্ত্রী যিনি আছেন, আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমীর ও মাওলানা মতিউর রহমান নিজামীর রেখে যাওয়া কৃষি মন্ত্রণালয়ে উনি সেই ভালো পদক্ষেপগুলোই গ্রহণ করছেন। তাকে (নিজামী) কেন ফাঁসি দেওয়া হলো? উনি কি মানবতাবিরোধী অপরাধী ছিলেন?’
দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এখানে বক্তব্য রেখেছেন।
ওনার বিরুদ্ধে রাজসাক্ষী কী বলেছিলেন? হত্যা করা দূরে থাক, স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে, এই মহান পার্লামেন্টে ১৯৯৬ সালে, ২০০১ সালে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আঘাত করে সে রকম কোনো কথা সাঈদী রাখেননি।’
এর আগে এক প্রবীণ সংসদ সদস্যের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি ১৭৫৭ সালের ইতিহাস, পাল বংশের ইতিহাস তুলে ধরেছেন। কিন্তু ফরায়েজী আন্দোলন, ফকির আন্দোলন, খেলাফত আন্দোলন, ওহাবী আন্দোলন, ওলামায়ে কেরামদের ইতিহাস তুলে ধরেননি! আপনি যদি সেগুলো তুলে ধরতেন, তাহলেই মনে করতাম আপনি একজন নিরপেক্ষ মানুষ। এখন মনে হচ্ছে আপনি শুধু জামায়াতে ইসলামী আর ইসলামী আন্দোলনকে আঘাত করার জন্যই বক্তব্য রেখেছেন।’