ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রধান কোচের দৌড়ে চূড়ান্ত তালিকায় ২৬ জন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬ ১৪:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ৪ বার


প্রধান কোচের দৌড়ে চূড়ান্ত তালিকায় ২৬ জন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ খোঁজার প্রক্রিয়ায় আরও একধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রায় ৩০০ জন আবেদনকারীর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে রোববার ২৬ জনের একটি সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করেছে বাফুফের বিশেষ কমিটি।

পাশাপাশি গোলরক্ষক কোচ পদের জন্য ১০ জনের একটি শর্টলিস্টও প্রস্তুত করা হয়েছে।

 

প্রধান কোচের এই তালিকায় ইউরোপীয় ও দক্ষিণ আমেরিকান কোচদের আধিক্য দেখা গেছে।

এর মধ্যে জার্মান কোচদের সংখ্যাই সবচেয়ে বেশি। এছাড়া ব্রাজিল, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম ও আর্জেন্টিনার কোচরাও রয়েছেন তালিকায়।

উল্লেখযোগ্যভাবে, একমাত্র স্থানীয় প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ও এএফসি প্রো লাইসেন্সধারী জুলফিকার মাহমুদ মিন্টু।

 

বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন কোচ নির্বাচনের মানদণ্ড প্রসঙ্গে বলেন, ‘আমাদের প্রধান শর্ত হলো কোচের অবশ্যই প্রো লাইসেন্স থাকতে হবে।

আমরা ৪০ থেকে ৬০ বছর বয়সী কোচ খুঁজছি, যাদের প্রমাণিত অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে যারা এশিয়ান ফুটবলে কাজ করেছেন এবং জাতীয় দলের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’

 

তালিকা চূড়ান্ত হলেও নতুন করে কারও যুক্ত হওয়ার সুযোগ একেবারে বন্ধ নয়। হিলটন বলেন, ‘আবেদনের সময়সীমা মাসের ৩০ তারিখ পর্যন্ত। এর মধ্যে যদি কোনো উচ্চপ্রোফাইল বা আরও যোগ্য কোচের সিভি আসে, তবে আমরা সেটিও বিবেচনায় নেব এবং প্রয়োজনে তালিকায় পরিবর্তন আনব।’

এদিকে গোলরক্ষক কোচ খোঁজার প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে ৩২ জন আবেদনকারীর মধ্য থেকে এ-লেভেল লাইসেন্সধারী ১৯ জনকে বাছাই করা হয়, যা পরে কমিয়ে ১০ জনে আনা হয়েছে। এই তালিকায় স্থানীয় প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন বসুন্ধরা কিংসের বর্তমান গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন।


   আরও সংবাদ