ঢাকা, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আরও শক্তিশালী ও ভয়ংকর হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬ ১২:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ১২ বার


আরও শক্তিশালী ও ভয়ংকর হামলার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও বিমান মোতায়েন অবস্থায় থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান চুক্তির শর্ত পুরোপুরি না মানলে আবারও হামলা শুরু করা হবে।

 

বুধবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘সব মার্কিন জাহাজ, বিমান এবং সামরিক সদস্যরা অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্রসহ ইরান ও এর আশপাশে অবস্থান করবে, যতক্ষণ না প্রকৃত চুক্তিটি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়।’

তিনি আরও বলেন, ‘যদি কোনো কারণে তা না হয়, যার সম্ভাবনা খুবই কম, তাহলে আবার গুলি চলবে এবং তা হবে আগের যেকোনো সময়ের চেয়ে বড়, শক্তিশালী ও ভয়ংকর।

 

এর আগে ইরান জানায়, লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাওয়া ‘অযৌক্তিক’ হবে। ওই হামলায় শত শত মানুষ নিহত হয়েছে বলে জানানো হয়।

 

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা যাচ্ছে। ট্রাম্প দাবি করেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়েছে।

তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইরান সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

 

ট্রাম্প আরও বলেন, ‘অনেক আগেই এটি নিয়ে ঐকমত্য হয়েছে, বিপরীত সব ভুয়া বক্তব্য সত্ত্বেও—কোনো পারমাণবিক অস্ত্র নয় এবং হরমুজ প্রণালী খোলা ও নিরাপদ থাকবে।’

সূত্র: রয়টার্স


   আরও সংবাদ