ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬ ১৫:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইলেকশন বলতে সারা বিশ্বব্যাপী যা বোঝায়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যা বোঝায়, সেটাই আমরা দেখাতে চাই।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা কন্ট্রোল রুমটা ভিজিট করতে আসলাম। আমরা আসন দুটিতে ড্রোন থেকে শুরু করে সবকিছু ব্যবহার করছি।
সম্পূর্ণ সায়েন্টিফিক মেথডে আমরা কেন্দ্রীয়ভাবে এটা মনিটর করছি। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এটাও যাতে অন্তত তার চেয়ে খারাপ না হয়, সেদিকে আমরা জোর দিয়েছি।
সুন্দরভাবে ও স্মুথলি নির্বাচনটি সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিইসি বলেন, শেরপুরটা বর্ডারিং এলাকা।
সেখানে আর্মিকে বর্ডার থেকে একটু দূরে থাকতে হয়। এজন্য আমরা সেখানে বিজিবির মোতায়েন বাড়িয়েছি। বিজিবি, র্যাব, আনসার ও পুলিশ সবাই দায়িত্ব পালন করছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকাল সাড়ে ৭টার সময় আমি প্রথম রিপোর্ট পাই। সেখানে পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক বলা হয়েছে। মানুষ নির্বিঘ্নে আসছে, ভোট দিচ্ছে। উপনির্বাচনে সাধারণত ভোটার উপস্থিতি কম থাকে, তারপরও দেখা যাক কী হয়। তবে এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।
চট্টগ্রামের দুটি আসনের ফলাফল বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আদালতের সাব জুডিস বিষয়। আদালত যেভাবে সিদ্ধান্ত দেবে, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জানতে চাইলে সিইসি বলেন, এখন এ বিষয়ে কথা বলতে চাই না। সরকারের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আইন-কানুন ও অধ্যাদেশের বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে।
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো এখন অপ্রাসঙ্গিক। বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।