ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬ ১৫:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার
ঢাকা: দেশের বিভিন্ন স্থানে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মূল্যে বিক্রি রোধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য পরামর্শক আবু সালেহ মোহাম্মাদ ইমরান স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, অনেক স্থানে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।
এতে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাজারে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে।
এ অবস্থায় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্মারকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং দেশের সব জেলা প্রশাসককে বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়।
এলপিজি সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে সরকার নিয়মিতভাবে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত হবে।