আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬ ১৭:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার
ইস্তাম্বুল শহরে অবস্থিত ইসরায়েলি কনস্যুলেট ভবনের কাছে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তুরস্কের গণমাধ্যম জানিয়েছে।
রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা যায়, গুলির শব্দ শোনা যাওয়ার সময় এক পুলিশ সদস্য অস্ত্র বের করে আশ্রয় নিচ্ছেন।
একজন ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায়ও দেখা গেছে।
আল জাজিরার সাংবাদিক সিনেম কোসেওগলু জানিয়েছেন, এই গোলাগুলিতে তিনজন জড়িত ছিল, যাদের তুর্কি পুলিশ নিষ্ক্রিয় করেছে।
তিনি আরও বলেন, কনস্যুলেট ভবনটি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত, যেখানে বহু আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং আশপাশে হাজার হাজার মানুষ কাজ করেন।
কোসেওগলু জানান, ইসরায়েলি কনস্যুলেটটি ওই এলাকার একটি উঁচু ভবনের সপ্তম তলায় অবস্থিত।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, ‘তিনি তার সহকর্মীর সঙ্গে দাঁড়িয়ে ধূমপান করছিলেন, তখন একটি গাড়িতে করে তিনজন এসে গুলি চালানোর চেষ্টা করে, এরপর নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালায়।’
আল জাজিরার ওই সাংবাদিক আরও জানান, ইস্তাম্বুলের কনস্যুলেট ভবনে বর্তমানে কোনো ইসরায়েলি কূটনীতিক কর্মরত নেই, একইভাবে রাজধানী আঙ্কারায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসেও নেই।
ফলে এসব কূটনৈতিক মিশনে মূলত স্থানীয় কর্মীরাই কাজ করছেন।
এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা