আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬ ০৯:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব। তার আলটিমেটাম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকালই (মঙ্গলবার) সেই রাত হতে পারে।
ইরানের বিষয়ে সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প।
এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
ট্রাম্প ইরানে আটকে পড়া মার্কিন বিমানবাহিনীর সদস্যদের উদ্ধারে পরিচালিত অভিযানকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।
সাংবাদিকদের তিনি বলেন, আমাদের সাহসী যোদ্ধাদের ঘরে ফিরিয়ে আনতে আমি মার্কিন সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।
তিনি জানান, এই উদ্ধার অভিযানে ২১টি মার্কিন সামরিক উড়োজাহাজ অংশ নিয়েছে।
ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‘বেশ ভালোভাবেই এগোচ্ছে’ বলে দাবি করেছেন।
খবরের সূত্র: কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে ‘নিশ্চিহ্ন’ করতে পারে। তিনি বলেন, এক রাতেই পুরো দেশটিকে নিশ্চিহ্ন করা সম্ভব, এবং আগামীকাল রাতেই সেটা হতে পারে।
এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে আরও একটি অনুষ্ঠানে ইরান যুদ্ধ নিয়ে বিভিন্ন কথা বলেন।
তিনি বলেন, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তিনি ইরানকে যে আলটিমেটাম দিয়েছেন, সেটাই চূড়ান্ত। ইরান যে প্রস্তাব দিয়েছে, তা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।