ঢাকা, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পানির ট্যাংকে মিলল ৭৫০ লিটার ডিজেল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬ ১৩:০৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


পানির ট্যাংকে মিলল ৭৫০ লিটার ডিজেল

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে  বসতবাড়ির ছাদের উপর পানির ট্যাংক থেকে ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। অবৈধভাবে দাহ্য পদার্থ মজুত রাখার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। অভিযানে চরজব্বর ইউনিয়নের বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বাড়ির ছাদের পানির ট্যাংকে বিপুল পরিমাণ ডিজেল মজুতের প্রমাণ পাওয়া যায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরেই গোপনে পানির ট্যাংক ব্যবহার করে জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ সংরক্ষণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

প্রশাসনের প্রাথমিক ধারণা, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যেই এই ডিজেল মজুত করা হয়েছিল।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, জব্দ করা ডিজেল বাজেয়াপ্ত করে চর হাসান ভূইয়ার হাট বাজারের লাইসেন্সপ্রাপ্ত এক ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়েছে।

এ ঘটনায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী বসু সেরাংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা ঘটনাস্থলেই আদায় করা হয়েছে। এ ধরনের অবৈধ ও ঝুঁকিপূর্ণ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


   আরও সংবাদ