ঢাকা, বুধবার, ০১ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মামুন খালেদ ফের ৬ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬ ১৫:৫৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার


 মামুন খালেদ ফের ৬ দিনের রিমান্ডে

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে মিরপুর ১০ নম্বর এলাকায় দেলোয়ার হোসেন হত্যা মামলায় জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে (৬৩) জিজ্ঞাসাবাদের জন্য ফের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডের এ আদেশ দেন।

এই মামলায় গত ২৬ মার্চ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর জোনের উপপরিদর্শক কফিল উদ্দিন।

 

রিমান্ড আবেদনের পক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী মোর্শেদ আলম শাহীন রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার রাত ১২টা ৩৫ মিনিটে পল্লবী থানাধীন ডিওএইচএস এলাকার বাসা থেকে মামুন খালেদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

 

জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা চালানো হয়। আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে। এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে তিনি মারা যান।

 

এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।


   আরও সংবাদ