ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ মার্চ, ২০২৬ ০৯:৩৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪ বার
মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ মারা গেছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানী ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন এই সাবেক সংসদ সদস্য।
মহিউদ্দিন আহমেদের পরিবার সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরিবার জানায়, আগামীকাল মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে নিজ বাড়িতে তাকে দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মহিউদ্দিন আহমেদ (৭৭) মহান মুক্তিযুদ্ধের সময় মুন্সীগঞ্জ জেলায় অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা পালন করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় স্থানীয় সরকার ও জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন।
তিনি মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচবার এবং সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার নির্বাচিত হন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। এ সময় তার বিরুদ্ধে কয়েকটি মামলাও করা হয়।
মহিউদ্দিন আহমেদের দুই ছেলে ও এক মেয়ে।